বার্তা সংস্থা আবনা : ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সিরিয়ার সরকারকে অপসারণ করতে দেবে না।
বুধবার রাজধানী তেহরানে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে তিনি এ কথা বলেন।
সিরিয়ার চলমান সঙ্কটের রাজনৈতিক সমাধানের পথ বের করতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
আমির আব্দুল্লাহিয়ান পরিষ্কার ভাষায় বলেন, সিরিয়া সরকারের উতখাতের কোনো প্রচেষ্টা ইরান মেনে নেবে না। সিরিয় জাতি ও সরকারের প্রতি ইরানের জোরালো সমর্থন রয়েছে বলেও জানান তিনি। সেইসঙ্গে সিরিয়ার যেসব বিরোধীদল দেশের চলমান সঙ্কটের রাজনৈতিক সমাধান চায় তাদের প্রতি ইরানের সমর্থন আছে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান।
তিনি আরো বলেন, সিরিয়া সরকারের পতন ঠেকাতে ইরান তার সব অভিজ্ঞতা কাজে লাগাবে। এ ছাড়া, আসন্ন জেনেভা সম্মেলনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ পেলে ইরান অবশ্যই ইতবাচকভাবে চিন্তা করবে বলেও তিনি জানান।